{{ news.section.title }}
যোগ্য প্রার্থী না পাওয়ায়, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে ৪৭তম বিসিএসে
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এবারও বিপুল সংখ্যক পদ শূন্য থেকে যাচ্ছে। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন মাত্র ১ হাজার ৩২০ জন প্রার্থী। ফলে ক্যাডারের ২ হাজার ১৬৭টি পদ খালি থাকছে।
রোববার (২৮ জুন) বিকেলে পিএসসি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করে।
প্রকাশিত ফল অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিপুল সংখ্যক পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি। কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ৩৪৩টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া যায়নি।
কমিশন আরও জানিয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও শূন্য পদের সীমাবদ্ধতার কারণে সব উত্তীর্ণ প্রার্থীকে ক্যাডারে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি এবং ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুসরণ করে কিছু প্রার্থীকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
এই বিসিএসে মোট পদ ছিল ৩ হাজার ৬৮৮টি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ছিল ক্যাডার পদ এবং ২০১টি ছিল নন-ক্যাডার পদ। বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত ফলাফলে বড় ধরনের শূন্যতা দেখা দিয়েছে।
লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর গত মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
পিএসসি বলছে, নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, মেধা তালিকা, কোটা নীতি এবং বিধিমালা অনুসরণ করেই চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। ফলে প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না করলে কোনো পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি।