{{ news.section.title }}
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত European Union-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর ও অর্থবহ করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দেশে চলমান সংস্কার কার্যক্রম, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। বাণিজ্য, উন্নয়ন, সুশাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে ভবিষ্যত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।