{{ news.section.title }}
‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজধানীতে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী, পুনর্বাসন সহায়ক উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এছাড়া আয়োজিত সেমিনারে অতিথিরা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, উন্নত চিকিৎসা সুবিধা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক সহযোগিতাও অত্যন্ত জরুরি।