{{ news.section.title }}
বৈশাখী শোভাযাত্রায় নজর কাড়ল ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার নির্ধারিত অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার একেবারে সামনে ছিল অশ্বারোহী দলটি।
অশ্বারোহী ইউনিটের নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং শোভাযাত্রার মতো বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, এসব ঘোড়া মূলত ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।
শোভাযাত্রাস্থলে দেখা গেছে, অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর আরও কাছে যাওয়ার চেষ্টা করছেন।
এর আগে সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে এবং রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।
এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’-এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করছে। প্রতিটি মোটিফেই ফুটে উঠছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ।
পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এ আয়োজনে অংশ নিচ্ছেন ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।