{{ news.section.title }}
কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ
সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নেওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব আম ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট আম উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব অপরিপক্ব আম কৃত্রিমভাবে পাকানোর জন্য বিষাক্ত কার্বাইড ব্যবহার করা হয়েছিল। পরে এগুলো বাজারে বিক্রির উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে পুলিশ।
প্রশাসন জানায়, কার্বাইড দিয়ে পাকানো ফল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শ্বাসকষ্ট, মাথাব্যথা, এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। জব্দকৃত আমগুলো বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার বিনেরপোতা এলাকার পৌরসভার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও তিনি জানান।