{{ news.section.title }}
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল কবে, জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগের জন্য নেওয়া এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (২২ এপ্রিল) রাতেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের এই পরীক্ষার ফল আজ রাত ৮টার পর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তা দেখতে পারবেন।
তিনি আরও বলেন, ফল প্রকাশের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে, যেখানে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এর আগে গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চারটি শিফটে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১১ হাজারের বেশি পদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। শিক্ষা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগ কার্যক্রমের দিকে প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি রয়েছে। ফল প্রকাশের পর পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে কি না-সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।