দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কত আজ?

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কত আজ?
ছবির ক্যাপশান, দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কত আজ?

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও বড় ব্যবধানে কমানো হয়েছে এই দুই মূল্যবান ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

 

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম এক ধাক্কায় ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মাত্র এক দিনের ব্যবধানে সেই উচ্চ অবস্থান থেকে দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম এ বছর ৩৩ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

বাজুসের আগের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। ফলে চলতি বছরেও মূল্যবান ধাতুর বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে, যা ক্রেতা ও ব্যবসায়ী-উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সম্পর্কিত নিউজ