৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই তা খুলে দেবে। তিনি সরকারের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এখনো অনেক পথ বাকি। তিনি দাবি করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং আন্দোলনে আহত ও নিহতদের অনেকেই এখনো ন্যায়বিচার পাননি।

 

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে। বিচার প্রক্রিয়ায় ধীরগতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

 

জুলাই মাস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সারা দেশে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জনগণের দাবি তুলে ধরা হবে।

 

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকভাবে জুলাই পালন করলেই হবে না। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কবরস্থান ও স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করতে হবে। শহীদদের স্মৃতি ধরে রাখতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তার বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

 

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গও উল্লেখ করেন। তার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে হবে এবং আদালতের রায়ের মাধ্যমে দণ্ড কার্যকর করতে হবে।

 

নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।

 

জুলাই জাতীয় জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, এটি দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা জুলাইয়ের চেতনা ও দাবির পক্ষে রয়েছে।

 

রায়েরবাজারে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। শহীদদের স্মরণে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং গণঅভ্যুত্থানের বিভিন্ন দাবির বাস্তবায়নের আহ্বান জানান।
 


সম্পর্কিত নিউজ