জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জোরদারের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির সূচনা হয়েছে এবং আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্র সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

ইতোমধ্যে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে।

 

আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ আয়োজন করা হবে। এসব সমাবেশে সংশ্লিষ্ট বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

 

একই দিনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ইউনিটে স্মরণসভা অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে লাইভ পারফরম্যান্স আয়োজন করা হবে, যেখানে জুলাই-আগস্টের আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।

 

এছাড়া একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজন থাকবে।

 

২২ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 

কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ছাত্রদল।
 


সম্পর্কিত নিউজ