আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক দিলেন স্কালোনি

আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক দিলেন স্কালোনি
ছবির ক্যাপশান, আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক দিলেন স্কালোনি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ভিন্নধর্মী পরিকল্পনা নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি। তাই মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে প্রস্তুতি ক্যাম্পে রাখার পরিকল্পনা করেছেন বিশ্বজয়ী এই কোচ।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ২৬ জনের হলেও প্রস্তুতি ম্যাচ ও ক্যাম্পে অতিরিক্ত খেলোয়াড় রাখার ক্ষেত্রে বাধা নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ-পূর্ব দুই প্রীতি ম্যাচের জন্য ৩০ জনের বেশি ফুটবলার নিয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি নিতে চায় আর্জেন্টিনা।

 

স্কালোনির এই সিদ্ধান্তের মূল কারণ ইনজুরি ঝুঁকি। বিশ্বকাপের আগে কোনো গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়লে যেন শেষ মুহূর্তে দল বিপাকে না পড়ে, সে জন্য আগেই বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতে চাইছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। অতিরিক্ত ফুটবলাররা মূল দলের সঙ্গে অনুশীলন করবেন এবং প্রয়োজনে চূড়ান্ত স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

 

২০২২ কাতার বিশ্বকাপের আগের অভিজ্ঞতা থেকেই এবার সতর্ক স্কালোনি। সে সময় চোটের কারণে শেষ মুহূর্তে হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গনসালেসকে দল থেকে বাদ দিতে হয়েছিল। পরে জরুরি ভিত্তিতে থিয়াগো আলমাদা ও আনহেল কোরেয়াকে দলে ডাকা হয়। এবার এমন পরিস্থিতি এড়াতেই আগে থেকে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ।

 

অতিরিক্ত তালিকায় কয়েকজন তরুণ ও উদীয়মান ফুটবলারকে রাখা হতে পারে। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক তালিকায় না থাকায় চূড়ান্ত স্কোয়াডে ঢোকার সুযোগ পাবেন না। তবে তারা প্রস্তুতি ক্যাম্পে থেকে মূল দলের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা অর্জন করবেন। অন্যদিকে যারা প্রাথমিক তালিকায় আছেন, ইনজুরির প্রয়োজন হলে তাদের মধ্য থেকেই বিকল্প বেছে নিতে পারবেন স্কালোনি।

 

লিওনেল মেসির সাম্প্রতিক ফিটনেস নিয়েও আর্জেন্টিনা শিবিরে সতর্কতা রয়েছে। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে অস্বস্তি অনুভব করায় মেসিকে তুলে নেওয়া হয়েছিল। যদিও প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুতর চোট নয়, বরং ক্লান্তি ও পেশির চাপ হিসেবে দেখা হচ্ছে। তারপরও বিশ্বকাপের আগে দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা।

 

শুধু মেসি নন, ইউরোপীয় মৌসুম শেষ করে আসা একাধিক ফুটবলারের ফিটনেস নিয়েও নজর রাখছে আর্জেন্টিনার মেডিকেল টিম। প্রস্তুতি ম্যাচগুলোতে মূল খেলোয়াড়দের খেলার সময় সীমিত রাখা হতে পারে, যাতে বিশ্বকাপের আগে সবাইকে সতেজ ও ফিট রাখা যায়।

 

আর্জেন্টিনা আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

সব মিলিয়ে স্কালোনির এই পরিকল্পনা আর্জেন্টিনা দলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্য পূরণে এবার শুধু সেরা একাদশ নয়, পুরো স্কোয়াডের গভীরতা ও প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছেন স্কালোনি।


সম্পর্কিত নিউজ