বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্বে মেসি

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্বে মেসি
ছবির ক্যাপশান, বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্বে মেসি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি এবারও ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। সেই বিশ্বকাপ জেতা স্কোয়াডের ১৭ জন ফুটবলার জায়গা পেয়েছেন এবারের দলে। মেসির পাশাপাশি রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

 

তবে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এবার দলে নেই। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় তাঁকে বিবেচনায় রাখা হয়নি। কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা এই উইঙ্গারের অনুপস্থিতি আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন সমন্বয়ের দরজা খুলে দিয়েছে।

 

২০২২ বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে যাওয়া জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। ২০১৮ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তাই এবার তাঁর সামনে রয়েছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মাঠে নামার সুযোগ।

 

স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ও উদীয়মান ফুটবলারও। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছেন। স্কালোনির পরিকল্পনায় অভিজ্ঞদের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার বিষয়টি স্পষ্ট।

 

অন্যদিকে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে দলে জায়গা পাননি। স্কোয়াডে জায়গা না পাওয়া অভিজ্ঞদের মধ্যে তাঁর নামই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

 

গ্রুপ ‘জে’তে থাকা আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার জন্য গ্রুপ পর্ব থেকেই ধারাবাহিক পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে।

 

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

 

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

 

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

 

সব মিলিয়ে স্কালোনির দল অভিজ্ঞতা, তারুণ্য ও বিশ্বকাপজয়ী মানসিকতার সমন্বয়ে গড়া। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহ এবার আরও বেশি। কাতারের সাফল্য ধরে রেখে উত্তর আমেরিকার মঞ্চেও শিরোপা ধরে রাখাই এখন আলবিসেলেস্তেদের প্রধান লক্ষ্য।


সম্পর্কিত নিউজ