{{ news.section.title }}
বাড়ল বাসভাড়া: সর্বনিম্ন ভাড়া কত?
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ল সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে সারা দেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। তবে ক্রমাগত মূল্যবৃদ্ধির এই সময়ে যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বিষয় হলো-বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন ভাড়ার হার এক নজরে
- ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।
- আন্তঃজেলা বাস: প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
- ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা।
- সর্বনিম্ন ভাড়া: অপরিবর্তিত থেকে ১০ টাকা রাখা হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রস্তাবে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ থাকলেও জনসাধারণের কথা বিবেচনায় সরকার সেটি কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করেছে।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়াও পুনর্নির্ধারণ করা হবে।