{{ news.section.title }}
জানা গেল বৃদ্ধা নূরজাহান বেগমের সন্তানদের পরিচয়
রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে প্রায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রবিবার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পল্লবী ৬ নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনের চতুর্থ তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নূরজাহান বেগম তার মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে একা থাকতেন। বাসাটি তার মেয়ের নামে বলে জানা গেছে। মৃত বৃদ্ধার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং প্রায় পাঁচ বছর আগে মারা যান।
ঘটনার পর পুলিশ জানায়, নূরজাহান বেগমের সন্তানদের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব এবং আরেকজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও যুগ্ম সচিব ছেলে আসেননি বলে পুলিশের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে সোমবার (২ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি ফেসবুকে এক পোস্টে নূরজাহান বেগমের সন্তানদের নাম ও পরিচয় তুলে ধরেন।
সামির দেওয়া তথ্য অনুযায়ী, নূরজাহান বেগমের বড় ছেলে ড. এ কে এম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে কর্মরত এবং বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষে দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাজীবন সম্পর্কে সামি জানান, তিনি ১৯৮৬ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
সরকারি চাকরিজীবনে তিনি পরিকল্পনা কমিশন, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। সামির দাবি অনুযায়ী, ড. আনিসুর রহমান দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমপিপি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।