দুই বাহিনীর যানবাহনে আগে তেল-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

দুই বাহিনীর যানবাহনে আগে তেল-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ভূমিকা বিবেচনায় তাদের ব্যবহৃত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

 

আদেশে বলা হয়েছে, সারাদেশে আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে আনসার ও ভিডিপির প্রায় ছয় লাখ সদস্য রয়েছেন। এর মধ্যে প্রায় চার লাখ ৫০ হাজার সদস্য বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেওয়া এবং বিশেষ করে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে এই বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

এতে আরও বলা হয়, জাতীয় উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের দ্রুত ও নির্বিঘ্ন চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় তাদের ব্যবহৃত যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক সহকারী সচিব স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।


সম্পর্কিত নিউজ