চট্টগ্রাম বন্দরে ডিজেল ও জেট ফুয়েলবাহী ৩ জাহাজ

চট্টগ্রাম বন্দরে ডিজেল ও জেট ফুয়েলবাহী ৩ জাহাজ
ছবির ক্যাপশান, চট্টগ্রাম বন্দরে ডিজেল ও জেট ফুয়েলবাহী ৩ জাহাজ

চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহে নতুন গতি এসেছে। বিভিন্ন দেশ থেকে আসা একাধিক জাহাজ থেকে জেট ফুয়েল ও ডিজেল খালাসের কাজ চলছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস নামের জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস শুরু করেছে। জাহাজটিতে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি রয়েছে।

 

অন্যদিকে মালয়েশিয়া থেকে আসা ডিজেলবাহী জাহাজগুলোর মধ্যেও খালাস কার্যক্রম চলছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস ৯ এপ্রিল যাত্রা শুরু করে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি নামানো হচ্ছে এবং বুধবার দুপুরে জাহাজটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

 

এ ছাড়া ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি নামের আরেকটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে আসা এই জাহাজ থেকেও খালাস কার্যক্রম শুরু হয়েছে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতার তথ্য অনুযায়ী, জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছাতে পারে।


সম্পর্কিত নিউজ