{{ news.section.title }}
এআই মামলার ভুয়া এসএমএস পাঠিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় চক্র, গ্রেফতার ৩
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া মামলার বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তরা ভুয়া বিআরটিএ ওয়েবসাইট তৈরি করে গাড়ির মালিকদের প্রতারণার ফাঁদে ফেলত বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৬ জুন) সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এআই প্রযুক্তিনির্ভর মামলা হয়েছে বলে দাবি করে গাড়ির মালিকদের মোবাইলে এসএমএস পাঠাত। বার্তাগুলোতে জরিমানার কথা উল্লেখ করে একটি ভুয়া ওয়েবসাইটের লিংক দেওয়া হতো। ওই লিংকে প্রবেশ করে অনেকেই প্রতারণার শিকার হন।
তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি বিআরটিএর আদলে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছিল। সেখানে প্রবেশ করলে জরিমানা পরিশোধের নির্দেশনা দেখানো হতো। অনেক ক্ষেত্রে জরিমানার টাকা কমিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও অর্থ আদায় করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে তারা মোট ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন ব্যক্তি ও গাড়ির মালিকদের কাছ থেকে ধাপে ধাপে এই অর্থ সংগ্রহ করা হয়।
সংবাদ সম্মেলনে জসীম উদ্দিন খান বলেন, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এআইভিত্তিক ট্রাফিক মামলার কোনো তথ্য মোবাইল এসএমএসের মাধ্যমে পাঠানো হয় না। ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় প্রয়োজনীয় নোটিশ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়ে থাকে। ফলে এ ধরনের এসএমএস পেলে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।