যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ২, জব্দ প্রাইভেট কার

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ২, জব্দ প্রাইভেট কার
ছবির ক্যাপশান, যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ২, জব্দ প্রাইভেট কার

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। বর্তমান বাজারমূল্যে এসব স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত প্রায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এছাড়া ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকাও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণের চালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় বিজিবি। তারা স্বীকার করেছেন যে ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করা হয়েছিল।
 


সম্পর্কিত নিউজ