২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
ছবির ক্যাপশান, ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল, জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফল প্রকাশের জন্য আগে ২০ জুলাইকে লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে সেই কাজ শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

 

তিনি বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে দেশের সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। শিক্ষা বোর্ডগুলোও ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল।

 

তবে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যস্ত থাকতে হওয়ায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাচ্ছে না।

 

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে বিলম্ব খুব বেশি হবে না এবং দ্রুতই ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

 

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই প্রয়োজনীয় কাজ শেষ করে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো তারিখ জানানো যাচ্ছে না।

 

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। সেই ঘোষণার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নির্ধারিত তারিখ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ শিক্ষা বোর্ডের বক্তব্যে স্পষ্ট হয়েছে, নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসছে।

 

এদিকে ফল প্রকাশের নতুন তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।


সম্পর্কিত নিউজ