জকসু ভিপি রিয়াজুল ইসলাম হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক

জকসু ভিপি রিয়াজুল ইসলাম হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। একইসঙ্গে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। এতে সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

 

সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মো. রিয়াজুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তিনি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

এ বিষয়ে মো. রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব প্রতিবছর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।”

 

অন্যদিকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে আব্দুল আলিম আরিফ বলেন, “আলহামদুলিল্লাহ। পদ বা দায়িত্ব কোনো অহংকার বা ক্ষমতার বিষয় নয়; এটি একটি আমানত এবং আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা। মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েই দায়িত্ব পালন করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দায়িত্বের মর্যাদা রক্ষা এবং কল্যাণকর কাজে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।”


সম্পর্কিত নিউজ