{{ news.section.title }}
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে ১৫ শিক্ষার্থীর মানববন্ধন
জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হাসান, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন সোহাগ, ইতিহাস বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব, চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এইচ সোহেল এবং ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব হোসেন।
বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আইন বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন সোহাগ বলেন, “৫ আগস্টের পর আমরা একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র কাঠামো নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। সে লক্ষ্যেই জুলাই সনদ ও গণভোট অনুষ্ঠিত হয়। আমরা নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দিতে চাই না। তাই অবিলম্বে এই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাই।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হাসান বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গণমানুষের প্রধান প্রত্যাশা ছিল জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন। প্রায় ৭০ শতাংশ মানুষের জনসমর্থন থাকা সত্ত্বেও এটি বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও, নির্বাচনের পর এর সাংবিধানিকতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিষয়টি দুঃখজনক।” তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে দ্বিচারিতা করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। তাই ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
উল্লেখ্য, ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ সংগঠনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হয়। সংগঠনটির দাবি, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারা কাজ করছে এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনা করছে।