জবির কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শনে উপাচার্য, গ্রন্থাগারে আসন সংখ্যা বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর নির্দেশ

জবির কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শনে উপাচার্য, গ্রন্থাগারে আসন সংখ্যা বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর নির্দেশ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, প্রয়োজন এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, আরামদায়ক ও কার্যকর পাঠাভ্যাসের পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে তিনি সরেজমিনে গ্রন্থাগার পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গ্রন্থাগারের প্রতিটি তলা, পাঠকক্ষ, বই সংরক্ষণাগার এবং প্রশাসনিক অংশ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, আলো-বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে গ্রন্থাগারের বিদ্যমান সীমাবদ্ধতা ও সমস্যাগুলোও চিহ্নিত করেন।

 

পরিদর্শনকালে উপাচার্য গ্রন্থাগারের ফাঁকা ও অব্যবহৃত স্থানগুলো চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ, পুরনো ও অপ্রচলিত আসবাবপত্র সরিয়ে নতুনভাবে পুনর্বিন্যাস করার নির্দেশ দেন। এর মাধ্যমে গ্রন্থাগারে আসন সংখ্যা বৃদ্ধি করে আরও বেশি শিক্ষার্থীর জন্য পাঠের সুযোগ তৈরি করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। দ্রুত সময়ের মধ্যে এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য গ্রন্থাগারিককে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রধান প্রকৌশলীকে পরদিন থেকেই কাজ শুরু করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেন।

 

এছাড়া, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি-গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। উপাচার্য তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেন যে, পরদিন থেকেই গ্রন্থাগার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তিনি বলেন, পরীক্ষার সময়সহ গুরুত্বপূর্ণ একাডেমিক সময়ে শিক্ষার্থীদের যেন পড়াশোনায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়, সে বিষয়টি প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এই ঘোষণায় উপস্থিত শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে বাস্তবসম্মত, টেকসই ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, প্রধান প্রকৌশলী, জকসুর ভিপি, পাঠাগার সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। তারা উপাচার্যের এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পর্কিত নিউজ