{{ news.section.title }}
ফের মা হচ্ছেন আলিয়া ভাট?
বলিউডের বহুল আলোচিত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের ব্যক্তিগত মুহূর্ত দিয়েই প্রায়ই ভক্তদের নজরে থাকেন। সম্প্রতি অস্ট্রিয়ার তুষারঢাকা মনোরম পরিবেশে তারা উদযাপন করেছেন নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী। মোমবাতির নরম আলো আর ঘনিষ্ঠ আবহে কাটানো সেই বিশেষ সময়ের কিছু ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আলিয়া, যা মুহূর্তেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে।
তবে বিদেশে এই রোমান্টিক উদযাপনের পর দেশে ফিরে ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে আলিয়াকে দেখতে পাওয়ার পর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় কৌতূহল।
সেদিন আলিয়ার পরনে ছিল আরামদায়ক ঢিলেঢালা সাদা পোশাক। চুল কিছুটা এলোমেলো থাকলেও মুখে ছিল স্বাভাবিক হাসি। তবে তার এই উপস্থিতি ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করে-তিনি কি আবার মা হতে চলেছেন? অনেকে ধারণা করছেন, এটি হয়তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আবার কেউ কেউ বিষয়টিকে নতুন কোনো সুখবরের ইঙ্গিত হিসেবেও দেখছেন।
ঘটনাটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে আরেকটি কাকতালীয় বিষয়। একই সময়ে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ পাওয়ায়, অনেকেই দুই অভিনেত্রীকে নিয়ে তুলনামূলক আলোচনা শুরু করেছেন। ফলে আলিয়ার হাসপাতাল সফরকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে কেউ কেউ আবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছেন-তাদের মতে, এটি আলিয়া বা তার পরিবারের কারও স্বাস্থ্যসংক্রান্ত কোনো সাধারণ বিষয়ও হতে পারে। এখন পর্যন্ত এ বিষয়ে রণবীর কাপুর বা আলিয়া ভাট-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, আর এই অনিশ্চয়তাই কৌতূহলকে আরও বাড়িয়ে দিচ্ছে।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পাশাপাশি কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। তিনি বর্তমানে সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ে যুক্ত আছেন। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা ‘আলফা’।