‘বীর জারা’ থেকে জনপ্রিয় গানটি বাদ পড়ার কারণ জানালেন যশ

‘বীর জারা’ থেকে জনপ্রিয় গানটি বাদ পড়ার কারণ জানালেন যশ
ছবির ক্যাপশান, ‘বীর জারা’ থেকে জনপ্রিয় গানটি বাদ পড়ার কারণ জানালেন যশ

বলিউডের কালজয়ী সিনেমা বীর-জারা শুধু গল্প নয়, এর গানগুলোর জন্যও আজও সমান জনপ্রিয়। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত এই সিনেমার একটি বহুল জনপ্রিয় গান ইয়ে হাম আ গায়ে হ্যায় কাহাঁ মূল সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল-যা অনেকের কাছেই দীর্ঘদিন ছিল রহস্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। সেখানে কিংবদন্তি নির্মাতা যশ চোপড়া নিজেই জানান, কেন গানটি শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়নি।

 

এক আলাপচারিতায় করণ জোহর তাকে প্রশ্ন করেছিলেন-এত সুন্দর একটি গান, যেখানে লতা মঙ্গেশকর-এর কণ্ঠ, তবুও কেন তা বাদ দেওয়া হলো?

 

জবাবে যশ চোপড়া জানান, গানটির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছিল এবং সেটি সিনেমার নির্দিষ্ট জায়গায় যুক্তও করা হয়েছিল। কিন্তু পরে সম্পাদনার সময় তিনি বুঝতে পারেন, গানটি সিনেমার শেষ অংশে এসে গল্পের গতি কমিয়ে দিচ্ছে।

 

তার ভাষায়, ক্লাইম্যাক্সের কাছাকাছি এমন একটি ধীরগতির রোমান্টিক গান দর্শকের আবেগের ধারাবাহিকতা ভেঙে দিতে পারে। তখন নির্মাতা হিসেবে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে তার ছেলে আদিত্য চোপড়া-ও পরামর্শ দেন গানটি বাদ দেওয়ার জন্য।

 

তবে দর্শকদের কথা ভেবে গানটি পুরোপুরি সরিয়ে দেননি তিনি। পরবর্তীতে সিনেমার ডিভিডি সংস্করণে বিশেষ ফিচার হিসেবে গানটি যুক্ত করা হয়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও এটি দেখা যায়।

 

গানটির আরেকটি বিশেষ দিক হলো এর সুর। প্রয়াত সুরকার মদন মোহন-এর অপ্রকাশিত সুর থেকে এটি তৈরি করা হয়। গানের কথা লিখেছেন জাভেদ আখতার, আর কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর।


সম্পর্কিত নিউজ