সিলেটে হাম-রুবেলার প্রকোপ বাড়ছে, আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬

সিলেটে হাম-রুবেলার প্রকোপ বাড়ছে, আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬
ছবির ক্যাপশান, সিলেটে হাম-রুবেলার প্রকোপ বাড়ছে

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও রুবেলা রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম ও রুবেলা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। একই সময়ে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার (২১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বিভাগের চার জেলায় মোট ৩৩০ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সুনামগঞ্জ জেলায়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১০৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৬ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলা রোগ নিশ্চিত হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগীর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং অন্যান্য হাসপাতালে চারজন চিকিৎসা নিচ্ছেন।

 

বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং অন্যান্য হাসপাতালে ১১৫ জন ভর্তি আছেন।

 

মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। চলতি বছরে এখন পর্যন্ত হাম ও রুবেলায় আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন চারজন। এছাড়া সন্দেহভাজন হাম রোগে মৃত্যু হয়েছে ৭২ জনের।

 

জেলাভিত্তিক মৃত্যুর তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৩১ জন মারা গেছেন। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ২৯ জনের। মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।

 

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও হাম বা রুবেলায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
 


সম্পর্কিত নিউজ