দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ, যা দেশের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের এক গবেষণায় দেশে মাদক ব্যবহারের এ চিত্র উঠে এসেছে। তিনি জানান, নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

 

তিনি বলেন, বিপুলসংখ্যক তরুণ মাদকের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব তরুণের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে। এ কারণে সরকার মাদকাসক্তদের চিকিৎসাসেবা সম্প্রসারণ ও সহজলভ্য করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

 

মন্ত্রী জানান, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ দেশের তিনটি বিভাগীয় নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ঢাকার কেন্দ্রটিকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।

 

আরও পড়ুন: চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

 

তিনি আরও বলেন, প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি চিকিৎসা সুবিধার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক মাদকাসক্ত মানুষের তুলনায় সরকারি চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। তাই সরকার বেসরকারি খাতকে উৎসাহিত করছে এবং মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিচ্ছে।

 

তিনি জানান, বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। এর মধ্যে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে।

 

মন্ত্রী বলেন, বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং মানবিক সেবার পরিবেশ নিশ্চিত করতেই এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সম্পর্কিত নিউজ