{{ news.section.title }}
জুলাই স্মরণে টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন রাজনৈতিক দাবিকে সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার ৩৯২ কোটি টাকা
জোটের নেতারা বলেন, আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশের রাজনৈতিক বাস্তবতায় জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও মহানগরে সেমিনার, আলোচনা সভা এবং মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই দেশের বিভিন্ন স্থানে চিত্র প্রদর্শনী এবং গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে। আয়োজকদের মতে, এসব সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলনের স্মৃতি ও বার্তা সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে আর জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ তুলে ধরা হবে।