এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল, কার্যকর আজ থেকে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল, কার্যকর আজ থেকে
ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। আজ বুধবার (১ জুলাই) থেকে তাদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হচ্ছে। এর ফলে জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়িভাড়া ভাতার সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল থেকেই নতুন হারে বাড়িভাড়া ভাতা পরিশোধের প্রক্রিয়া শুরু করবে।

 

এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুই ধাপে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রথম ধাপে ২০২৫-২৬ অর্থবছর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর করা হয়। দ্বিতীয় ধাপে ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় এখন থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

 

গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়। সেদিন জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর করা হয়। আর ১ জুলাই ২০২৬ থেকে আগের ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়।

 

আজ থেকে অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দেশের হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বর্ধিত হারে বাড়িভাড়া ভাতার সুবিধা পাচ্ছেন।

 

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারের এ সিদ্ধান্ত তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

 

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত হচ্ছে। তবে সেসব বিষয়ে এখনো কোনো নতুন সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।


সম্পর্কিত নিউজ