চলতি মাসে বাড়তে পারে বিদ্যুৎ বিল, যা জানাল মন্ত্রণালয়

চলতি মাসে বাড়তে পারে বিদ্যুৎ বিল, যা জানাল মন্ত্রণালয়
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের পর বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত বিল পেলে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল আগের মাসগুলোর তুলনায় অস্বাভাবিকভাবে বেশি এসেছে। এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে বিল যাচাই, মিটার রিডিং পুনরায় পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত সংশোধনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গ্রাহকদের হয়রানি কমাতে বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়ে অথবা নির্ধারিত হটলাইনে জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিটারের রিডিং, বিল তৈরির তথ্য এবং প্রযোজ্য ট্যারিফ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগ আরও বলেছে, অনেক সময় মিটার রিডিং ভুলভাবে নেওয়া, অনুমানভিত্তিক বিল (Estimated Bill) তৈরি, পূর্ববর্তী বকেয়া যুক্ত হওয়া কিংবা বিলিং সফটওয়্যারের ত্রুটির কারণেও বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি আসতে পারে। তাই বিল হাতে পাওয়ার পর গ্রাহকদের মিটারের বর্তমান রিডিং, ব্যবহৃত ইউনিট এবং বিলে উল্লেখিত তথ্য মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এছাড়া কোনো গ্রাহক যদি মনে করেন তার বিদ্যুৎ বিল প্রকৃত ব্যবহারের তুলনায় বেশি এসেছে, তাহলে বিল পরিশোধের আগে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করারও আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে মিটার পরীক্ষা বা পুনঃরিডিংয়ের আবেদনও করা যাবে।

 

অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ জানাতে বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইন নম্বরগুলো হলো-

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো): ১৬৮৯৯
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
  • নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
  • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সঠিক বিল নিশ্চিত করতে সব বিতরণ সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ কমাতে মিটার রিডিং ও বিলিং কার্যক্রম আরও সতর্কতার সঙ্গে পরিচালনার ওপরও জোর দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ