{{ news.section.title }}
আবার কমলো স্বর্ণের দাম, একদিনেই ভরিতে কত টাকা কমল?
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, সংশোধিত এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। যেহেতু স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে শিগগিরই পৃথক সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
এর আগে সর্বশেষ গত ২৯ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪১ দফা দাম বেড়েছে, ৪২ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৫১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ দফা দাম বেড়েছে এবং ২৬ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম কমানো হয়েছিল।