{{ news.section.title }}
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে ১৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, আর বাকি ১ হাজার ৪ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
সোমবার (২৯ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ শিশু, যা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ২১১ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ৮৫১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
এ সময়ের মধ্যে মোট ৮৩ হাজার ৮০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৮০ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং শিশুদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।