আয়কর রিটার্নে নতুন নির্দেশনা দিল এনবিআর

আয়কর রিটার্নে নতুন নির্দেশনা দিল এনবিআর
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধিসহ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

 

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

 

যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়

বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতার আওতার বাইরে থাকবেন।

 

তবে এসব শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে এনবিআরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে যদি কোনো বাধ্যতামূলক করদাতা নির্ধারিত সময়ে অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তাহলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।

 

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

 

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, করব্যবস্থাকে আরও ডিজিটাল, স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে বলে আশা করছে সংস্থাটি।

 

বিশেষ আদেশটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


সম্পর্কিত নিউজ