নবম পে স্কেলের গেজেট কবে, জানাল অর্থ মন্ত্রণালয়

নবম পে স্কেলের গেজেট কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও, পর্যালোচনা শেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ মূল্যায়নে গঠিত সচিব কমিটি। এখন দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়। এর আগে চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার। এর মধ্যে জুলাই থেকেই মূল বেতনে পে-স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি এটি জমা দেবে।

 

জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সচিব কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে।

 

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২০২৭-২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি।’

 

সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে তিন বছরের পরিকল্পনায় প্রথম দুই বছরে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ করে বৃদ্ধি এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কায় সেই পরিকল্পনা পরিবর্তন করে দুই ধাপে পে-স্কেল কার্যকরের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিটি।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু চাকরিজীবীর বেতন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে যে, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধি করা হলে তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পাবে। এজন্য দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

 

নতুন পে-স্কেলে শতভাগ বেসিক বৃদ্ধি কার্যকর হলে বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও কোন কোন ভাতায় পরিবর্তন আসবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘কিছু ভাতা কমানোর হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। তখন কোন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিস্কার হবে।’

 

চূড়ান্ত সুপারিশ অনুমোদিত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। একই সঙ্গে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কেও স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


সম্পর্কিত নিউজ