{{ news.section.title }}
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী
সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও জোরদার করতে ‘সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
গত ৫ জুলাই (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা প্রদান করবে। পাশাপাশি সরকারি ক্রয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সুপারিশও করবে।
এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ)-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর)-২০২৫-এর আওতায় থাকা অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেগুলো আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি।
পুনর্গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু মন্ত্রী মো. রাজিব আহসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।
সরকারের মতে, নতুনভাবে গঠিত এই কমিটি সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি অর্থ ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।