ইরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরলেন স্পিকার

ইরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরলেন স্পিকার
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

এর আগে গত ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

 

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

 

সফরকালে স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দেশটির আরও কয়েকজন উচ্চপদস্থ নেতার সঙ্গেও বৈঠক করেন।

 

বৈঠকে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

 

বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও সফরকালে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুতে ইরানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অংশ নেন।


সম্পর্কিত নিউজ