{{ news.section.title }}
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের কারণে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে উপকূলীয় এলাকা, নদীপথে চলাচলকারী নৌযান এবং বজ্রপাতপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।