{{ news.section.title }}
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
দেশে হামের প্রকোপ কমার লক্ষণ না থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩টি শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৭৩১টি শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মোট ৮৩৩টি নতুন সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০১টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৭৩২টি শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে ৭০৪টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৫টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৬ জনে।
এদের মধ্যে মোট ৮৭ হাজার ৯৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এ পর্যন্ত ৮৪ হাজার ২১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।