{{ news.section.title }}
নতুন পে-স্কেল নিয়ে বড় আপডেট: ধাপে ধাপে বাস্তবায়ন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপেই বাড়ানো হবে মূল বেতন (বেসিক)। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো সংক্রান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য সামনে এসেছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার রাজনৈতিক নির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে কাজ করছে। তবে পুরো বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু
তিনি জানান, প্রথম ধাপেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে। তবে কোন গ্রেডে কত শতাংশ বা কত টাকা বেতন বাড়বে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তিতুমীর আরও বলেন, নতুন পে-স্কেলের গেজেট চূড়ান্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। যদিও গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ তিনি উল্লেখ করেননি।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো সংক্রান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে। গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টদের আশা।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, নতুন পে-স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে হবে এবং শুরুতেই মূল বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
এদিকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে কোন গ্রেডে কত মূল বেতন নির্ধারণ করা হবে, সে বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গেজেট বা চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি।