প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের পদোন্নতির জটিলতা কাটায় বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া শুরু হলে প্রায় ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদোন্নতি ও নিয়োগের আইনি বাধা দূর হয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৬ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন হলে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পাওয়ায় নতুন করে ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে।

 

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শেষ হওয়ার পরই শূন্য হওয়া সহকারী শিক্ষকের পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া হবে।

 

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করতে সরকার পর্যায়ক্রমে সব শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে। নতুন করে সৃষ্টি হওয়া শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট অনেকাংশে কমে আসবে।

 

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের একটি বড় জটিলতা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এর ফলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান ও কার্যক্রমে ইতিবাচক গতি আসবে।

 

এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ