{{ news.section.title }}
এলপিজির নতুন দাম আজ, বাড়বে নাকি কমবে?
জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন এক মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে।
বুধবার (১ জুলাই) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী দেশের বাজারে ভোক্তাপর্যায়ের বেসরকারি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে।
বিইআরসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৯৪০ টাকা থেকে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। ওই মূল্যই পুরো জুন মাসজুড়ে কার্যকর ছিল।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক অটোগ্যাসের দামও কমানো হয়েছিল। সে সময় লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।
সৌদি আরামকোর ঘোষিত আন্তর্জাতিক এলপিজির কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, পরিবহন খরচ, ডলার বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় প্রতি মাসেই দেশে এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে জুলাই মাসের নতুন মূল্য ঘোষণার দিকে নজর রয়েছে ভোক্তা ও এলপিজি খাতের ব্যবসায়ীদের।