{{ news.section.title }}
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
টানা দুই দফা কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। একইসঙ্গে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
আরও পড়ুন: স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দাম, ভরি কত?
এর আগে সবশেষ গত ৩০ জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম ব্যাপক ওঠানামার মধ্যে রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৫২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র তিনবার কমানো হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে দাম বাড়তে বা কমতে পারে।