স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দাম, ভরি কত?

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দাম, ভরি কত?
ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

স্বর্ণের পর দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপা (পিওর সিলভার)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

 

আরও পড়ুন: দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

 

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ভিত্তিতে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। রৌপ্য ও স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নিয়মই বহাল থাকবে।

 

এর আগে, গত ৩০ জুন রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের রুপার দাম ছিল ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ২ হাজার ৭৪১ টাকা। সেই মূল্যও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।

 

সবশেষ সমন্বয়ের ফলে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৫২ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ১০ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল মাত্র ৩ বার।

 

এদিকে একই দিনে স্বর্ণের দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

 

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাট কাঠামো সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।


সম্পর্কিত নিউজ