{{ news.section.title }}
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে বাংলাদেশের স্পিকার
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান।
সরকারি কর্মসূচি অনুযায়ী, স্পিকার ইরানে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নেবেন। কর্মসূচি শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
ইরান সরকার খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় আয়োজন করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা এবং ৯ জুলাই মাশহাদে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জানা গেছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ-এর আমন্ত্রণে বাংলাদেশের স্পিকার এই সফরে অংশ নিচ্ছেন। বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরাও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশটির রাজনীতি, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।