শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী

শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে, যেখানে শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে নজরুলবর্ষ পালনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুলবর্ষ’ পালন করছে। চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

 

প্রধানমন্ত্রী বলেন, একটি সভ্য ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য কেবল মানুষের অধিকার নিশ্চিত করলেই হবে না, প্রকৃতি ও প্রাণিকুলের প্রতিও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের ভিন্নতা নির্বিশেষে সবাইকে নিরাপদে বসবাসের সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

 

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের যে চেতনা ধারণ করেছিলেন, সেই মূল্যবোধ আজও বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সমাজে বৈষম্য, ঘৃণা ও হিংসা দূর করে মানবিক বাংলাদেশ গঠনে নজরুলের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি।

 

এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলবর্ষ পালনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এক বছরব্যাপী এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা কার্যক্রম, প্রকাশনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজন।


সম্পর্কিত নিউজ