{{ news.section.title }}
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবির প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিপ্রতিবন্ধিতা কমাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। বিশেষ করে অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং আধুনিক চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড সাংবাদিকদের কাছে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তারা জানান, বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অন্ধত্ব প্রতিরোধে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষ ভবিষ্যতেও এ খাতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।