{{ news.section.title }}
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
হাসপাতাল সূত্র জানায়, বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন। ১৯৬০ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি একজন সফল আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার জন্য তিনি রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিষ্ঠা এবং গণতান্ত্রিক রাজনীতিতে অবদানের কথা স্মরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা ও দাফনের সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।