{{ news.section.title }}
আবার কমল জেট ফুয়েলের দাম
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সবশেষ জুন মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা। নতুন সিদ্ধান্তে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৩০ টাকা ৯৯ পয়সায়। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেট ফুয়েলের দাম কমানো হলো।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের মূল্য হ্রাস করা হয়েছে। প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করেছে বিইআরসি।
চলতি বছরের মার্চে জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছিল। ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিল আরও এক দফা মূল্য বৃদ্ধি করা হয়েছিল।
তবে মে মাস থেকে জেট ফুয়েলের দাম ধারাবাহিকভাবে কমানো শুরু হয়। মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুনে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়, যা আগের দামের তুলনায় ১৫ টাকা ৬৭ পয়সা কম ছিল।
সবশেষ জুলাই মাসের নতুন সমন্বয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম আরও ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। ধারাবাহিক এই মূল্যহ্রাসে অভ্যন্তরীণ বিমান পরিচালনার জ্বালানি ব্যয় কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।