গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তারেক রহমানকে ইইউর আমন্ত্রণ

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তারেক রহমানকে ইইউর আমন্ত্রণ

২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে তাকে ফোরামে মূল বক্তব্য দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য এ সফরের সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রণালয়ের মতে, গ্লোবাল গেটওয়ে ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি চিঠিও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে। উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


সম্পর্কিত নিউজ