গ্রীষ্মকালীন সামরিক মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতি

গ্রীষ্মকালীন সামরিক মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতি
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান, প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

 

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও সরাসরি প্রত্যক্ষ করেন।

 

এ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, বিভিন্ন সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানা দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে আলোচনা করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

 

পরিদর্শনের একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবারই গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের সঙ্গে চা পান করেন এবং অনানুষ্ঠানিকভাবে সময় কাটান। সরকারপ্রধানকে মাঠপর্যায়ে নিজেদের সঙ্গে পেয়ে সেনাসদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

 

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

 

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ