বড় পতনের পর দেশে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বড় পতনের পর দেশে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর নতুন নির্ধারিত মূল্যই আজ মঙ্গলবার (৭ জুলাই) কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ জুলাই) দাম কমানোর ঘোষণা দেওয়ার পর সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

 

সংগঠনটি আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই অনুসরণ করা হবে।

 

এর আগে গত ৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা করা হয়।

 

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বেড়েছে, ৪৩ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়।

 

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা রয়েছে।

 

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম হ্রাস করা হয়।


সম্পর্কিত নিউজ