{{ news.section.title }}
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী
আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনও অনেক কম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি অঞ্চলে পরিকল্পিতভাবে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। আগের তুলনায় এখন অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; লাগানো প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, "নিজেদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ গড়ে দেবে না।"
অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগানও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো-"বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।"
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের গৌরনদীতে পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
এ সময় গৌরনদীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফরকে কেন্দ্র করে তাঁর ছবিসংবলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। এলাকায় ছিল না কোনো ব্যানার, ফেস্টুন বা ব্যক্তিকেন্দ্রিক প্রচারণাও। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্বকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।